জোড়া গোলে মেসির নতুন রেকর্ড, মায়ামির দাপুটে জয়
ন্যাশভিলের বিপক্ষে হ্যাটট্রিক করে এমএলএসের নিয়মিত মৌসুম শেষ করেছিলেন লিওনেল মেসি। শনিবার ভোরে আবারও সেই ন্যাশভিলের বিপক্ষেই জোড়া গোল করে ইন্টার মায়ামিন্যাশভিলের বিপক্ষে হ্যাটট্রিক করে এমএলএসের নিয়মিত মৌসুম শেষ করেছিলেন লিওনেল মেসি। শনিবার ভোরে আবারও সেই ন্যাশভিলের বিপক্ষেই জোড়া গোল করে ইন্টার মায়ামিকে প্লে-অফে দুর্দান্ত সূচনা এনে দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। মেসির অনবদ্য পারফরম্যান্সে প্রথমবারের মতো প্লে-অফে খেলা ইন্টার মায়ামি জিতেছে ৩–১ গোলে এবং তিন ম্যাচ সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেছে।
ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে মায়ামি। ম্যাচের ১৯ মিনিটে লুইস সুয়ারেজের ক্রসে দারুণ হেডে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। এটি তাঁর ক্যারিয়ারের ৮৯০তম এবং হেডে করা ২৯তম গোল। ১–০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে মায়ামি।
বিরতির পরও একই ছন্দে খেলে মায়ামি। ৬২ মিনিটে তাদেও আলেন্দের গোলে ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। এই আক্রমণের সূচনাতেও ভূমিকা ছিল মেসির। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে আবারও গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক, তবে সেটি আসে প্রতিপক্ষের রক্ষণের ভুলে। ন্যাশভিলের গোলরক্ষক ও ডিফেন্ডারের বিভ্রান্তিতে বল পেয়ে আলতো টোকায় জালে পাঠান মেসি।
এই গোলের মাধ্যমে এমএলএসে খেলা ফুটবলারদের মধ্যে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মেসি। সব প্রতিযোগিতা মিলিয়ে তাঁর গোলসংখ্যা এখন ৩৯টি। এর আগে ৩৮ গোল করে শীর্ষে ছিলেন ডেনিস বোয়াঙ্গা ও কার্লোস ভেলা। যোগ করা সময়ের ১২ মিনিটে ন্যাশভিলের হ্যানি মুখতার একটি গোল শোধ করলেও ফল পাল্টাতে পারেনি অতিথিরা।
ম্যাচ শুরুর আগে এমএলএস কমিশনার ডন গারবারের কাছ থেকে গোল্ডেন বুট গ্রহণ করেন মেসি। লিগে ২৮ ম্যাচে ২৯ গোল ও ১৯টি অ্যাসিস্ট করে এই সম্মাননা অর্জন করেন তিনি। গারবার বলেন, “আমরা কখনো ভাবিনি লিও এই ক্লাব, এই শহর ও এই লিগে এমন পারফরম্যান্স দেখাবে—সে যা করছে, তা অবিশ্বাস্য।”
তিন ম্যাচের প্লে-অফ সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২ নভেম্বর ভোর ৫টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময়), ন্যাশভিলের মাঠ গিওডিস পার্কে। মায়ামি যদি সেই ম্যাচও জেতে, তবে এমএলএস কাপে ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে উঠবে। তবে ন্যাশভিল জয় পেলে সিরিজের তৃতীয় ও নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে ৮ নভেম্বর, চেজ স্টেডিয়ামে।
আরোও পড়ুন:
Post a Comment